প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরে কান্না করায় তিন মাসের ছেলে শিশুকে মুখ চেপে হত্যা করেছেন তার সৎ বাবা। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরের দারুস সালাম থানাধীন বর্ধনবাড়ি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এই সৎ বাবাকে পুলিশে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, শিশুটির আসল বাবা মাদক মামলায় কারগারে রয়েছেন। শিশুটির মা রাজিয়া খাতুন এক সপ্তাহ আগে অভিযুক্ত অপূর্ব নামক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে তারা ওই ভাড়া বাসায় থাকতো। আজ ভোরে শিশুটি কান্না করায় অপূর্ব বিরক্ত হন এবং ‘কান্না না থামালে শিশুটিকে মেরে ফেলবেন’ বলে স্ত্রীকে হুমকি দেন।
তিনি আরো বলেন, কিন্তু অবুঝ শিশুর কান্না না থামায় ঐ ব্যক্তি তার মুখ চেপে ধরেন। এতে শিশুটি শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তখন শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এই ঘটনায় সৎ বাবাকে আসামী করে শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, ওই মামলায় সে ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।