রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৪ minutes ago

রাজশাহী নগরে রাস্তা সম্প্রসারণের জন্য ৩০টি বড় কাঠবাদাম গাছ কেটে ফেলেছে সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার থেকে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত তিন দিনে নগরের রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত এলাকার এসব গাছ কেটে ফেলা হয়। গাছগুলো এভাবে কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পরিবেশবাদীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের দিকে নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ লাগিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গত ১৬ বছরে গাছগুলো অনেক বড় হয়েছিল এবং নিয়মিত ফল ধরত। রাজীব চত্বর থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের একপাশে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো পথচারীদের প্রশান্তি দিত। সম্প্রতি ওই এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের পর এখন রাস্তা সম্প্রসারণের অজুহাতে গাছগুলো সাবাড় করা হলো।

সচেতন মহলের মতে, উন্নয়নের প্রয়োজনে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা নগরের ভারসাম্য নষ্ট করছে। ১৬ বছরের পুরনো ছায়াদানকারী গাছগুলোর এই পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।

গাছ কেটে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, নতুন করে গাছ লাগিয়ে দেওয়ার বিষয়টি একটি মনভোলানো জবাব মাত্র। গাছ রক্ষা করেও যে চমৎকার উন্নয়ন করা সম্ভব, এই আধুনিক ভাবনাটা আমাদের প্রকৌশলীদের মধ্যে আসছে না। এভাবে বড় গাছ কেটে ফেলা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তারা যদি আগে নতুন গাছ লাগিয়ে বড় করতেন এবং তারপর পুরোনো গাছ কাটতেন, তবে বোঝা যেত যে তারা পরিবেশ নিয়ে ভাবেন।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান জানান, বন বিভাগের মাধ্যমে প্রাক্কলন করে নিয়ম মেনেই গাছগুলো বিক্রি করা হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর রাস্তার একপাশের প্রস্থ কমে গেছে। বর্তমানে রাস্তার প্রস্থ সাড়ে তিন মিটার হচ্ছে না, তাই রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ড্রেনের ওপর দিয়ে নতুন ফুটপাত নির্মাণ করা হবে এবং তখন ফুটপাতের পাশে আবারও নতুন গাছ লাগিয়ে দেওয়া হবে।

  • কাঠবাদাম
  • গাছ
  • রাজশাহী
  • #