দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে ও এক শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত।
সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭৪ জনের। গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৭৬।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১৩ হাজার ২৫৮ জন।