চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে দুই শিশু। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া মৃত শিশু শাহাদাত (৫) মিমনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ (৭) একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল চাঁদপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং তাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার পূর্বে উদ্ধার কার্যক্রম স্থগিত করে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, নদীতে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।