থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকা থেকে ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষ থেকে এসব সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। এ সময় ওই কক্ষ থেকে পুলিশের ব্যবহৃত হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি তেলবাহী গাড়ির তেল উদ্ধারের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এবং সোনারগাঁ থানার এসআই সোহেল রানার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাড়াটিয়া আজিজুল ইসলাম পালিয়ে যান। পরে তার কক্ষ তল্লাশি করে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযুক্ত আজিজুল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

বাড়ির মালিক মাহবুব সরকার জানান, তার ভাড়াটিয়া আজিজুল ইসলাম একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পণ্যের ডিলারশিপ নিয়ে এলাকায় ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেড উদ্ধারের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ জানান, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় লাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এসব সাউন্ড গ্রেনেড কোন থানা থেকে লুট হয়েছে তা শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • উদ্ধার
  • সাউন্ড গ্রেনেড
  • সোনারগাঁ
  • #