বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা এক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জেলা বিএনপির নির্দেশে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, মামলাটি দায়েরের পর আদালত এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির হননি। নির্ধারিত দিনে আদালতে অনুপস্থিত থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।