বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি।

চুরির ধরন সম্পর্কে বিস্তারিত জানিয়ে অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি বলেন, হাসপাতালের কোনো যন্ত্রপাতি চুরি হয়নি, হাসপাতালের বিভিন্ন প্রকল্পের কাজ শেষে অবশিষ্ট থাকা কিছু ভাঙারি সামগ্রীই চুরি হয়েছে।

চুরির রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করতে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, এ ঘটনার তদন্তে অভ্যন্তরীণভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া সামগ্রীর সঠিক আর্থিক মূল্য এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • কমিটি
  • চুরি
  • তদন্ত
  • বিএমইউ
  • হাসপাতাল
  • #