সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা নশ্চিত করতে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল শুক্রবার এ ঋণ অনুমোদন করা হয়।

‘সেকেন্ড স্ট্রেংদ্যানিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় ‘সাব-প্রোগ্রাম ২’-এর লক্ষ্য হলো ঝুঁকি, বর্জন এবং দারিদ্র্যের ঝুঁকি কমাতে সুরক্ষামূলক এবং প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা। এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিধি সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচিটি আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে বাংলাদেশের উত্তরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য—বিশেষ করে নারীদের—আওতা সম্প্রসারণ এবং অংশীদারিত্বমূলক (কন্ট্রিবিউটরি) সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে এই কর্মসূচির সংস্কারগুলো দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দারিদ্র্যের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, একটি অধিকতর দক্ষ, অভিযোজনযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অংশীদারিত্বমূলক সমৃদ্ধি অর্জনে আরও সুসজ্জিত ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে এডিবি গর্বিত।

 

  • ঋণ
  • এডিবি
  • বাংলাদেশ
  • #