খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় হাউজিং ব্যবসায়ীকে গুলি, শ্যুটার গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় প্রধান আসামি শ্যুটার মো. তারিফ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) খিলগাঁও এলাকা থেকে শ্যুটার মো. তারিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. তারিফ হোসেন খিলগাঁও এলাকার হাউজিং ব্যবসায়ী মো. সাদিকুর রহমান আকন্দের (৪২) কাছে ২০ লাখ টাকা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকিও দিয়ে আসছিল। কিন্তু সাদিকুর রহমান তাতেও চাঁদা না দেওয়ায় গ্রেপ্তারকৃত আসমি তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।

তিনি আরো জানান, গত ৩ এপ্রিল বিকাল ৫টা ২০ মিনিটে সাদিকুর রহমান পায়ে হেটে খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় তারিফ ও তার সহযোগী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারিফ ও তার সহযোগী ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী খিলগাঁও থানায় একটি মামলা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত শ্যুটার তারিফের নামে রাজধানীর রামপুরা থানায় একটি অস্ত্র মামলা ও খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ ২টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • খিলগাঁও
  • গ্রেপ্তার
  • শ্যুটার
  • #