ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাজধানী ঢাকাতে বিদ্যুতের লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা এবং গ্রাম-শহরে বৈষম্য কমাতে সরকার রাজধানী ঢাকাতে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

লোডশেডিংয়ে মানুষের কষ্টের কারণে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজ যেরকম প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং দেখা যাচ্ছে, যে কষ্ট স্বীকার করতে হচ্ছে এটি আগামী সাত দিনের মধ্যেই কমে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, উত্তপ্ত গরমে গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হয়েছে। তবে এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জিভূত সমস্যার দায় কোনভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারো নয়। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে কলম অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গড়মিল রয়েছে। গতকাল (বুধবার) বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, তার বিপরীতে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ আমাদেরকে ২০৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। এবং এক্ষেত্রে একটি নীতি এই সরকার প্রথম থেকে গ্রহণ করেছিল। যেহেতু ফসল ওঠার মৌসুম অর্থাৎ কোনভাবেই আমাদের কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ফসলের ক্ষেত্রে সেচের জন্য পর্যাপ্ত ডিজেল এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখবার নির্দেশনা প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেটি নিশ্চিত করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, এরপরেও দেখা যাচ্ছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। এই বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সাথে আলোচনাক্রমে আমরা রাজধানী ঢাকাতে ১১০ মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

  • ঢাকা
  • লোডশেডিং
  • সরকার
  • সিদ্ধান্ত
  • #