রংপুরে বোর্ড পরীক্ষায় তৃতীয় লিঙ্গের ২৮ শিক্ষার্থী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

রংপুর বিভাগে প্রথমবারের মতো একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এসব শিক্ষার্থী অংশ নেন।

টানা তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়ে তারা জানান, জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের বিষয়। তারা বিশ্বাস করেন, শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, যারা রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন।

পরীক্ষার্থীরাও জানান, ‘সরকার আমাদের লেখাপড়ার সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা ভালো হয়েছে, আশা করি ভালো ফলাফল করতে পারব।’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলভিত্তিক এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। তাদের কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ করা হয়েছে, যা শিক্ষার পথ সহজ করেছে। ফলে অনেকেই নতুন করে মূলধারার শিক্ষায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন।

সমাজকর্মী ও শিক্ষাবিদরা মনে করেন, রংপুরে তৃতীয় লিঙ্গের ২৮ জন শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণ শুধু একটি পরীক্ষার ঘটনা নয়; এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা। সমতা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার পথে এটি একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মাহেদুল আলম বলেন, ‘আমাদের কেন্দ্রে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ একটি ব্যতিক্রমী ঘটনা। আমরা তাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, যাতে তারা কোনো সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারেন।’

  • তৃতীয় লিঙ্গ
  • পরীক্ষা
  • রংপুর
  • শিক্ষার্থী
  • #