ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্যানসারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেওয়ার কথা এবার নিজেই জানিয়েছেন। শুক্রবার নেতানিয়াহু নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করে জানান, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং প্রাথমিক পর্যায়েই তিনি এর চিকিৎসা নিয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি হয়। এরপর এক রুটিন চেকআপে ধরা পড়ে তার প্রোস্টেটে ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার রয়েছে। ছড়িয়ে পড়ার আগেই সেটি শনাক্ত হয়। এরপর জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে সফল চিকিৎসায় ক্যানসার টিউমারটি নির্মূল হয়েছে। এখন তিনি সুস্থ্ আছেন।
ইরানে যুদ্ধের কারণে এতদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে আনা হয়নি বলে জানান নেতানিয়াহু। তিনি জানান, তাকে তার বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেরি করে প্রকাশ করতে বলা হয়েছিল, যাতে ইরানে যুদ্ধ চলার মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনও উদ্বেগ ছড়িয়ে না পড়ে।
তবে এখন পরিস্থিতি পাল্টেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে আর নেতানিয়াহু নিজেও চিকিৎসা করে সেরে উঠেছেন।