অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

কয়েকদিন ধরে তপনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসকরা আর চিকিৎসার সুযোগ নেই জানালে শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। রাতেই তিনি মারা যান।

ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

টেলিভিশন নাটক ও সিনেমা- দুই মাধ্যমেই রেখেছেন নিজের স্বাক্ষর। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

  • অভিনেতা
  • তারিকুজ্জামান তপন
  • মৃত্যু
  • #