প্রতীকী ছবি
নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা দেড় বছর বয়সী সন্তান ফুরকানও মারা যায়। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত পলি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পলি বেগম নামের ওই নারী তার কোলে থাকা শিশু ফুরকানকে নিয়ে নড়াইল চিত্রা নদীতে রেল সেতুর উপর উঠে যায়। পরে দেখা যায়, ট্র্রেনে কাটা পড়ে ওই নারী ও তার কোলে থাকা ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
নড়াইল সদর থানার ওসি-তদন্ত অজয় কুমার কুন্ডু বলেন, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তার কোলে থাকা শিশুসন্তান নিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ উদঘটনের চেষ্টা চলছে।