প্রতীকী ছবি
সারাদেশে ঘটছে একের পর এক খুনের ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হচ্ছে শঙ্কা। পুলিশের হিসাব মতে, চলতি বছরের (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ) এই তিন মাসে সারা দেশে খুনের শিকার হন ৮৫৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে ঢাকায়। বিভিন্ন অপরাধে মামলা হয় ৪১ হাজার ৯৯০টি।
পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ২৮৭টি হত্যা মামলা হয়েছে, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চ মাসে ৩১৭টি। এই তিন মাসে ঢাকা মহানগরীতে ৬১টি মামলা হয়। এ ছাড়া, ঢাকায় খুনের মামলা হয় ২০১টি, ময়মনসিংহে ৫২টি, চট্টগ্রামে ১৭১টি, সিলেটে ৪৮টি, খুলনায় ৯২টি, বরিশালে ৪৬টি, রাজশাহীতে ৮৭টি ও রংপুরে ৪৫টি। ২০২৫ সালের প্রথম তিন মাসে খুনের মামলা হয় ৯১০টি। এ ছাড়া, সারাদেশে বিভিন্ন অপরাধে মামলা হয় ৪৩ হাজার ৮১৪টি। এসব মামলার বিশ্লেষণে পাওয়া যায়, ছিনতাই, অপহরণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন ও দস্যুতার মতো ঘটনা অস্বাভাবিক মাত্রায় বেড়েছিল। খুনও হয়েছে প্রতিনিয়ত।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে কিছু কিছু অপরাধ কমে এলেও ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ। অপরাধীদের দমানো না গেলে অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছেন কেউ কেউ। প্রতিটি অপরাধের ঘটনায় মামলা, সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিতে জোর দিতে হবে।