প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই মৃত্যুবরণ করেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (২৬ এপ্রিল) সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
মাত্র ২৩ বছর বয়সে তাকে ক্যামেরার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার বড় ভাই। পরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ও সম্পাদক হিসেবে পরিচিতি পান। ভারতের নানা প্রান্তে ঘুরে তিনি দেশের বৈচিত্র্য ও বাস্তবতা ছবির মাধ্যমে তুলে ধরেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের তোলা ছবির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো ব্যক্তিত্বও।
ছবির জন্য দেশ-বিদেশে নানা পুরষ্কার এবং সম্মান পেয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর কাজের জন্য ১৯৭২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন রঘু রাই।
রঘু রাই ছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী আলোকচিত্রী। তবে বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চিত্র বিশ্ববাসীর সামনে নিখুঁতভাবে তুলে ধরার জন্য। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের বিখ্যাত পত্রিকা ‘দ্য স্টেটসম্যান’-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ভারতের বিভিন্ন সীমান্ত ও শরণার্থী শিবিরে অবস্থান করে বাংলাদেশি শরণার্থীদের দুর্দশা এবং মানবিক বিপর্যয়ের মর্মস্পর্শী সব ছবি ক্যামেরাবন্দি করেন। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের দৃশ্য ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করেন। তার তোলা এসব ছবি আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অনন্য দলিল।