আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আরও কিছুদিন সময় প্রয়োজন। পরে আদালত তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন।
এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দেন এবং এটিকে ‘শেষবারের মতো’ সময় উল্লেখ করেন।
এরও আগে ২০২৫ সালের ২২ এপ্রিল একই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। এতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র্যাবের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষ থেকে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন।