যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে শনিবার হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এ সময় পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। এ ঘটনা ঘটেছে ওয়াশিংটন হিলটনে। ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক।’ অন্যদিকে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মূলত ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রচণ্ড গুলির শব্দের সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা চিৎকার করে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের কেউ মেঝেতে লুটিয়ে পড়েন, কেউ আবার আশ্রয় নেন টেবিলের নিচে। পরপর কয়েকটি গুলির শব্দ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি এফবিআই প্রধান কাশ প্যাটেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সেখান থেকে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে আটক করা হয় সন্দেহভাজন শ্যুটারকে। তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে মার্কিন অ্যাটর্নি অফিস। সেখানে তার বিরুদ্ধে দুটি চার্জ আনা হয়েছে। এই গুলির ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, গুলির ঘটনার পর প্রেসিডেন্ট হিসেবে এটি তার ওপর কী প্রভাব ফেলেছে- এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। আমি এসব নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ জীবন হলেও আমি যতটা সম্ভব স্বাভাবিক জীবনই যাপন করি।
আমি মনে করি, আমি পরিস্থিতিটা যতটা ভালোভাবে সামলানো যায়, ততটাই সামলাচ্ছি। অনেক মানুষ আছে যারা এ ধরনের পরিস্থিতিতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। আমি সে রকম নই। আমি বিষয়গুলো যেমন আছে তেমনভাবেই নিই। আমি দেশের জন্য কাজ করছি, অন্য কোনও কারণে নয়।’
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রশংসাও করে ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে অনেকবার বলেছেন- তুমি ঝুঁকিপূর্ণ দায়িত্বে আছো। তবে তার জন্যও বিষয়টি ঝুঁকিপূর্ণ।’
একটি শব্দ শুনলাম- ভাবছিলাম এটা হয়তো কোনও ট্রে পড়ে যাওয়ার শব্দ, কিন্তু তা ছিল না। আবারও বলছি, খুব সাহসী কিছু মানুষ অসাধারণ কাজ করেছেন। আমরা তাদের নিয়ে গর্বিত। হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনার আগে কোনও ধরনের হুমকির বিষয়ে কোনও পূর্ব সতর্কতা ছিল না। অনেক নিরাপত্তাকর্মী সাধারণ অতিথির ছদ্মবেশে টেবিলে বসে ছিলেন। পুরো কক্ষজুড়ে আমাদের লোক ছিল, তাই তার জন্য আমার কাছে পৌঁছানো কঠিন ছিল। এদিকে, হামলার পর সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে ফের আয়োজন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। হামলার জন্য তিনি আগে থেকেই হিলটন হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে পড়ার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তা আহত হন। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে গেছেন।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। এফবিআই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। সিক্রেট সার্ভিস এবং এফবিআই-এর যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অ্যালেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এরই মধ্যে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সময় তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেননি। তবে পরবর্তী সময়ে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন এবং আর্থিক অনুদান দেয়ার প্রমাণ পাওয়া গেছে।
ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে অ্যালেন অ্যাক্টব্লু নামের একটি প্ল্যাটফরমে ২৫ ডলার অনুদান দেন। এই প্ল্যাটফরমটি ডেমোক্র্যাটদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি। তাদের সংগ্রহ করা অর্থ গত নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারের জন্য বরাদ্দ করা হয়।
অ্যালেন ২০১৭ সালে দ্য ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে প্রকাশ করা ক্যালটেক গ্র্যাজুয়েটদের একটি ছবিতে তাকে গাউন ও লাল টাই পরা অবস্থায় দেখা যায়। গত বছর ক্যাল স্টেট ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন।