প্রতীকী ছবি
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াং গুফেং, জাং হাইবিন ও বাংলাদেশি নাগরিক মো. দেলোয়ার। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল, মোবাইল ফোনের মাদারবোর্ড ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন ও স্যামসাং মোবাইলসহ দুই চীনা ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।’