কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আবদুল আওয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় হত্যার নিহতের বাবা আবদুল আওয়ালসহ ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী বলেন, শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

আবদুল আওয়াল (৪৮) কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা।

নিহত দ্বীন ইসলাম (৩০) একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ফেইসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি পান।

র‍্যাব জানায়, ২৪ মার্চ দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার বাঙ্গরা থানা এলাকার গাঙ্গেরকুট বুড়ি নদের পাড়ে ফেলে রাখে। পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ বুড়ি নদের পাড়ে গিয়ে জানতে পারে, ঘটনাস্থলটি কুমিল্লার বাঙ্গরা থানার আওতায় পড়েছে। পরে তারা বিষয়টি বাঙ্গরা থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় লোকজনের সহায়তায় দ্বীন ইসলামকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • কনটেন্ট ক্রিয়েটর
  • কসবা
  • গ্রেপ্তার
  • বিএনপি নেতা
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মামলা
  • হত্যা
  • #