বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন।

দীনেশ ত্রিবেদী যে হাইকমিশনার হয়ে ঢাকায় আসতে পারেন, সে খবর দুই সপ্তাহ আগেই দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল নরেন্দ্র মোদির সরকার। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসছেন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

  • দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশ
  • ভারত
  • হাইকমিশনার
  • #