নাটোরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নাটোরে বাক্‌প্রতিবন্ধী ছেলের হাতে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে আরিফকে (৩৫) আটক করেছে পুলিশ। লাশের পাশ থেকে রক্তমাখা একটি মসলা বাটার শিল জব্দ করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে নাটোর পৌরসভার মল্লিকহাটি ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বাক্প্রতিবন্ধী আরিফ এবং তার মা শাহিদা বেগম ঘোষপাড়ায় নিজেদের বাড়িতে বাস করতেন। সংসারে অভাব-অনটনসহ কারণে-অকারণে প্রায়ই আরিফ তার মায়ের ওপর অত্যাচার করতেন। রোববার রাতেও প্রতিবেশীরা মা-ছেলের বিবাদের বিষয়টি টের পান। ছেলের সঙ্গে শাহিদাকে জোরে জোরে কথা বলতে শোনেন তারা। হঠাৎ রাত ১১টার দিকে জোরে চিৎকার ও চেঁচামেচির পর তাদের বাড়ি থেকে সাড়াশব্দ বন্ধ হয়ে যায়। ঘটনা জানতে প্রতিবেশীরা তাদের বাসায় গেলে ঘরের মেঝেতে শাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লাশের পাশে রক্তমাখা মসলা বাটার শিল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মসলা বাটার শিল দিয়ে শাহিদা বেগমকে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্দেহভাজন হিসেবে বাক্‌প্রতিবন্ধী ছেলে আরিফকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • উদ্ধার
  • নাটোর
  • নারী
  • রক্তাক্ত
  • লাশ
  • #