ছবি : সংগৃহীত
আফগানিস্তানের পূর্ব সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানের হামলায়=সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবারের (২৭ এপ্রিল) এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাতের ভয়াবহতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা কমলেও সোমবারের এই হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আফগান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী আসাদাবাদে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকা লক্ষ্য করে মর্টার শেল ও রকেট হামলা চালিয়েছে। কুনার প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মুজাফফর মুখলিস জানান, সীমান্ত এলাকা ও প্রাদেশিক রাজধানী থেকে মোট সাতটি মরদেহ এবং ৮৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হতাহতদের প্রত্যেকেই সাধারণ বেসামরিক নাগরিক।
তবে পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে একে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, কোনো আবাসিক এলাকা বা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়নি।