হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। টার্মিনালটিতে দ্বিতীয় একটি অপারেটর নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অভ বাংলাদেশ-এর (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,থার্ড টার্মিনালে বিমানের পাশাপাশি দ্বিতীয় অপারেটর নিয়োগ দেওয়া হবে, যা গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে।
তিনি আরও বলেন, সুমিতোমো করপোরেশন নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামের হাতে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন করার ক্ষমতা থাকবে।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে যে চুক্তি হতে যাচ্ছে, তাতে দেশের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। চুক্তিটি হবে ন্যায্য। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে নয় দফা আলোচনা করেছি।
২০২৪ সালের আগস্টে প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হলেও ওই বছরের ডিসেম্বরে চালুর প্রথম লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১৮ মাস পিছিয়ে রয়েছে তৃতীয় টার্মিনাল। ব্যবস্থাপনা ও আয় ভাগাভাগির শর্তাবলি নিয়ে বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চলমান মতবিরোধের কারণেই এই বিলম্ব হচ্ছে।