চলতি অর্থবছরের ৯ মাসেই সরকারের ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। রাজস্ব ঘাটতি, দৈনন্দিন ব্যয় এবং বাজেট ঘাটতি সামাল দিতে সরকারকে নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে।

বাজেটে পুরো অর্থবছরের জন্য ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু মার্চ শেষে সরকারের ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭৮ হাজার ৪৯ কোটি এবং বাংলাদেশ ব্যাংক থেকে ৩০ হাজার ৯৩৬ কোটি টাকা নেওয়া হয়েছে। পরে কিছু ঋণ পরিশোধ করায় তা কমে প্রায় ৯৪ হাজার কোটি টাকায় নেমে আসে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

এবার রাজস্ব আদায়ে বড় ঘাটতির কারণেও ঋণনির্ভরতা বেড়েছে। প্রথম ৯ মাসে শুল্ক-কর আদায়ে প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি হয়েছে। সংশোধিত বাজেট অনুযায়ী, এনবিআরকে পুরো বছরে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা আদায় করতে হবে, যার বড় অংশ শেষ তিন মাসে সংগ্রহের চ্যালেঞ্জ রয়েছে। তবে এপ্রিল মাসে সরকার কিছু ঋণ পরিশোধ করায় চাপ কিছুটা কমেছে। পুরো ব্যাংকব্যবস্থায় সরকারের ঋণ নেমে আসে ৯৩ হাজার ৭৮৪ কোটি টাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সরকারি ঋণ মূল্যস্ফীতি বাড়াতে পারে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমায় এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে ঋণের সুদ ও কিস্তি পরিশোধে সরকারের ব্যয়ও বাড়ে, ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে চাপ পড়ে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী গণমাধ্যমকে জানান, দেশের ব্যবসা-বাণিজ্যে খারাপ অবস্থা চলছে, এ জন্য ঋণ করার বিকল্প নেই। সমস্যা হলো কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে ঋণ দিলে মূল্যস্ফীতি তৈরি হয়। আর বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি করলে উদ্যোক্তারা ঋণ পান না। কর্মসংস্থানে প্রভাব পড়ে।

  • ঋণ
  • ব্যাংক
  • সরকার
  • #