ছাত্রলীগ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করল ছাত্রশক্তির নেতারা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহানসহ কয়েক নেতা এক শিক্ষার্থীকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর টিএসসি এলাকায় তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে যান এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতারা। তাদের দাবি, এই শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। 

এ শিক্ষার্থীর নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় সাকিবকে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা স্যারের সাথে কথা বলে ওর (সাকিব) নামে মামলা আছে কি না যাচাই করব। যদি মামলায় তার (সাকিবের) নাম থাকে, তাহলে সেই মামলায় চালান দেব। আর না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সে (সাকিব) আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। শাহবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নামে দুটি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

  • ছাত্রলীগ
  • ছাত্রশক্তি
  • ঢাবি শিক্ষার্থী
  • থানা
  • নেতা
  • শাহবাগ
  • সোপর্দ
  • #