প্রতীকী ছবি
টাঙ্গাইলের গোপালপুরে চাঁন মিয়া (৪০) নমে এক ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক চাঁন মিয়া ইজিবাইকে এক প্রসূতি রোগী নিয়ে বাড়ি থেকে গোপালপুর হাসপাতালে আসার পথে ব্যাপারী পাড়া নামক স্থানে ফরহাদ আলী নামক এক যাত্রী গাড়িতে উঠানোর আবদার করে। কিন্তু যাত্রী প্রসূতি রোগী হওয়ায় অন্য প্যাসেঞ্জার গাড়িতে নেওয়া যাবেনা বললে দুজনের মধ্যে তর্ক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে ফরহাদ চাঁন মিয়ার গলাটিপে ধরলে চাঁন মিয়া জ্ঞান হারান। তাকে গোপালপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার আঁখি তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, চাঁন মিয়ার পরিবারের সদস্যরা গলাটিপে হত্যার অভিযোগ আনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।