হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকা নেয়নি : স্বাস্থ্য অধিদপ্তর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই কোনো টিকা পায়নি। আর আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ পেয়েছে মাত্র একটি ডোজ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মহাপরিচালক জানান, এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। তবে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, হাম সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।

তিনি আরো বলেন, ‘দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে।বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

  • আক্রান্ত
  • টিকা
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হাম
  • #