চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টিতে একটি বাড়ির সীমানা দেওয়াল ধসে বেলুয়ারা বেগম (৪৯) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মিজবাহ (১২) ও সাফাত (৭)। নিহত বেলুয়ারা বেগম শিকলবাহা ইউনিয়নের আহসানিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এদিকে বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবারেও বৃষ্টিতে বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল।
বেলুয়ারা বেগম নিহতের বিষয়ে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বলেন, বাড়ির পাশে ভ্যান থেকে সবজি কিনতে গিয়েছিলেন বেলুয়ারা বেগম। এ সময় পাশের একটি বাড়ির সীমানা দেয়াল ভেঙে পড়ে। এতে তিনিসহ আরো তিনজন চাপা পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলুয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আর সবজি বিক্রেতা মো. রুবেল (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, অতিবৃষ্টির কারণে পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহত নারীর লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।