অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে প্রাণ হারালেন আরও ২৬ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে নয়জন এখনও নিখোঁজ রয়েছে। নৌকা বিকল হওয়ায় আট দিন ধরে সাগরে ভাসছিলেন তারা। ধারণা করা হচ্ছে, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমধ্যসাগরে আট দিন ধরে ভেসে থাকার পর বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
লিবিয়ার ন্যাশনাল আর্মির নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতায় রেড ক্রিসেন্টের সদস্যরা মিশর সীমান্তের কাছে পূর্ব লিবিয়ার তোবরুক শহরের উপকূল থেকে তাদের উদ্ধা করে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে নিখোঁজ নয়জন অভিবাসীর মরদেহ তীরে ভেসে আসার আশা করা হচ্ছে। তবে এসব অভিবাসীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
লিবিয়া অভিবাসীদের জন্য ইউরোপ যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ। অনেকেই সাব-সাহারান আফ্রিকা থেকে আসে। তারা যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।