অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুই যুগ আগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত ১৯ এপ্রিল এ পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার (৫ মে) মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতের কাছে একটি আবেদন জমা দেন।
আবেদনে আইনজীবী উল্লেখ করেন, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম।
এমতাবস্থায় তোফায়েল আহমেদের মানসিক অবস্থা পরীক্ষার নির্দেশ দেওয়ার প্রার্থনা জানানোর পাশাপাশি অভিযোগ গঠন শুনানি পেছাতেও আবেদন করেন আইনজীবী খায়ের উদ্দিন শিকদার। আদালত আবেদনটি আমলে নিয়ে বিষয়টি আগামী বৃহস্পতিবার (৭ মে) আদেশের জন্য রেখেছেন এবং সেদিনই অভিযোগ গঠনের শুনানির দিন পুনরায় ধার্য করেছেন।
এই মামলার অন্য দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। তিন আসামির মধ্যে মোশারফ হোসেন বর্তমানে জামিনে থেকে আদালতে হাজিরা দিচ্ছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদ ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
