লক্ষ্মীপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : মোস্তাফিজুর রহমান (সংগৃহীত)

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। সম্প্রতি তার বাবা মারা যান। তখন বাড়িতে এসে তিনি আর কর্মস্থলে যাননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে।

মোস্তাফিজের স্ত্রী আয়েশা আক্তার মিতু বলেন, ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে খবর পাওয়া যায় তার মরদেহ ফসলি জমিতে পড়ে আছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • উদ্ধার
  • মরদেহ
  • যুবক
  • লক্ষ্মীপুর