প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এএস লেভেলের (এ লেভেলের অংশ) ‘ম্যাথমেটিকস পেপার ১২’ বা গণিত পরীক্ষাটি বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। বাংলাদেশসহ প্রশাসনিক জোন ৩ ও ৪-এর আওতাভুক্ত দেশগুলোতে এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে কেমব্রিজ ইন্টারন্যাশনাল জানায়, প্রশ্ন ফাঁসের ব্যাপকতার কারণে আমরা এই পেপারটি চূড়ান্ত পরীক্ষার ফল নির্ধারণে ব্যবহার করতে পারছি না।

জুন সিরিজের সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে আগামী ৯ জুন বিকল্প প্রশ্নপত্রে আবারও পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে বোর্ড। এ জন্য শিক্ষার্থী বা স্কুল কর্তৃপক্ষকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে।

কেমব্রিজ জানায়, মূল্যায়নপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের প্রতি সুবিচার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি বিকল্প প্রশ্নপত্রের মাধ্যমে সবার জন্য সুষ্ঠু ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে যে গ্রেড দেওয়া হবে, তা বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সবার কাছে গ্রহণযোগ্য হবে।

তবে পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বোর্ড। আগামী ১১ আগস্টই ফলাফল প্রকাশ করা হবে। বিকল্প এই পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে আগামী ১৫ মের মধ্যে স্কুলগুলোকে বিস্তারিত নির্দেশনা এবং প্রশ্নোত্তর (এফএকিউ) দেওয়া হবে।

ঘটনাটি তদন্তে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে কেমব্রিজ কর্তৃপক্ষ।

  • কেমব্রিজ
  • পরীক্ষা
  • প্রশ্নফাঁস
  • বাতিল
  • বাংলাদেশ