পাকিস্তানে অতর্কিত হামলায় ১৪ পুলিশ সদস্য নিহত

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় পুলিশের এক ফাঁড়িতে গাড়ি বোমার ঘটনা ঘটেছে। এ ছাড়া পরবর্তীতে সেখানে হামলাকারীদের সঙ্গে পুলিশের তুমুল গোলাগুলি হয়। এতে এখন পর্যন্ত দেশটির পুলিশের অন্তত ১৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়েছে। ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট এই হামলার দায় স্বীকার করেছে।

জাহিদ খান নামে দেশটির পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে বলেছেন, আত্মঘাতী একজন বোমা হামলাকারী ও বেশ কয়েকজন যোদ্ধা একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পরেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে।

শনিবারের হামলার পর তোলা ছবিতে দেখা গেছে, পুলিশ ফাঁড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এলাকা জুড়ে ইট, পোড়া ধ্বংসাবশেষ ও দুমড়ানো-মুচড়ানো যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, বোমা হামলার পর ঘটনাস্থলে সাহায্য করতে ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, সশস্ত্র ব্যক্তিরা প্রথমে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে চৌকিটিতে ধাক্কা দেয় এবং তারপর চত্বরে প্রবেশ করে কর্মকর্তাদের ওপর গুলি চালাতে শুরু করে।
তিনি বলেন, পুলিশকে সাহায্য করার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী কর্মীদের পাঠানো হয়, তবে হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা এ ঘটনায় ড্রোনও ব্যবহার করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে নিকটবর্তী বেসামরিক এলাকাগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

  • নিহত
  • পাকিস্তান
  • পুলিশ সদস্য
  • হামলা