কুমিল্লার তিতাসে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫)। তিনি উপজেলার মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পক্ষের সঙ্গে একই এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলামের লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই ২০২২ সালে ভিটিকান্দি ইউনিয়নের যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা খুন হন। ওই মামলায় আব্দুল লতিফ ভূঁইয়া আসামি ছিলেন।
সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন। এরপর সোমবার রাতে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
