রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চার লাখ জাল টাকা ও জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালী রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সংবলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, ২ লিটারের দুটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুটি ডাইস উদ্ধার করা হয়।
ডিবি উত্তরা বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তাররা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
