স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সংবিধানের অন্যতম প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তার নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মরদেহ নিজ এলাকা মিরসরাইয়ে নেওয়া হয়।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৮৩ বছর বয়সী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বেশ কিছুদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বুধবার (১৩ মে) সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন বিকেল ৫টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
