রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্তদের ওপর হামলার ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার সন্ধ্যায় শাহআলী থানায় রেশমি বেগম নামে মাজারের এক ভক্ত এ মামলা করেছেন। মামলার ৯ আসামি হলেন মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), মো. আজম (৪০), শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তাদের মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে।
মামলার এজহারে ঘটনার বর্ণনায় রেশমি বেগম বলেন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাজারে মানত ও জিয়ারতের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জিয়ারত ও মানত কার্যক্রম চলাকালে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০-১৫০ নেতাকর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে তাদের ওপর হামলা করেন।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, হামলায় আহত রেশমি বেগম নামে একজন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজে গ্রেপ্তার তিনজনকেই হামলায় অংশ নিতে দেখা গেছে। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযান এখনো চলছে।
আসামির রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আসামিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তারা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানতে পেরেছি।’
