‘জয় বাংলা স্লোগান’ লেখার জের: ছেলেকে রক্ষা করতে খুন হলেন মা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর হামলায় তার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা স্লোগান’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ইউনুসের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনুসকে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান এনজিওকর্মী আবদুর রহমান (ইমরান)। অভিযোগ রয়েছে, তখন হামলাকারীরা ইমরানকেও মারধর শুরু করে।

পরিবারের সদস্যদের দাবি, ছেলেকে রক্ষা করতে গিয়ে ইমরানের মা সৈয়দা বেগমও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী।

হাসপাতালে নিহতের সন্তানরা অভিযোগ করেন, বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও এম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে হামলা চালিয়ে ছৈয়দা বেগমকে হত্যা করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছাত্রলীগ নেতা ইউনুসকে নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযুক্ত বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি।

এদিকে ইউনুসকে মারধরের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, হাসপাতালে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • উখিয়া
  • কক্সবাজার
  • খুন
  • জয় বাংলা
  • স্লোগান