প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিসা (৭)। তিনি আব্দুল হান্নান মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে যান।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে সোহেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
