কক্সবাজারে কবি নুরুল হুদার বাড়ি থেকে ২০০ বছরের পুরোনো সিন্দুক চুরি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ঈসাখালী গ্রামে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ২০০ বছরের পুরোনো একটি সিন্দুক চুরি হয়েছে বলে জানিয়েছে হুদা পরিবার।

সোমবার দিবাগত রাতে কবির বাড়ির গ্যারেজে রাখা সিন্দুকটি চুরি হয়। এ ঘটনায় কবি নুরুল হুদার ছোট ভাই মোহাম্মদ শামসুল হুদা ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শামসুল হুদা জানান, সিন্দুকটিতে তালা লাগানো ছিল। এর ভেতরে পুরোনো বেশ কিছু মূল্যবান কাগজপত্র সংরক্ষিত ছিল। তার ধারণা, সংঘবদ্ধ চোরচক্র সিন্দুকটি চুরি করেছে।

পরিবারের দাবি, কবি নূরুল হুদার দাদা ফলকুসুর রহমান সিকদার পূর্বপুরুষদের কাছ থেকে সিন্দুকটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে সেটি হুদা পরিবারের কাছে সংরক্ষিত ছিল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চুরি হওয়া সিন্দুক উদ্ধারের চেষ্টা চলছে।

 

  • কক্সবাজার
  • কবি
  • চুরি
  • নুরুল হুদা
  • সিন্দুক