নওগাঁর ধামইরহাটে একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষক মমিনুল হক (২৬) উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা এশার নামাজ পড়তে পাশের মসজিদে গেলে এক শিক্ষার্থীকে প্রয়োজনীয় কথা আছে বলে আলাদা একটি কক্ষে ডেকে নেন ওই শিক্ষক। পরে অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানায়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মাদ্রাসার সভাপতি থানায় মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় কাজ করেন। সে মাদ্রাসাতেই থেকে পড়াশোনা করত। অভিযোগ পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় আরও তদন্ত চলছে।
