মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বাকি না দেওয়াকে কেন্দ্র করে এক পান দোকানদারকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় শ্রীবাস চন্দ্র সাহার (৫৫) গলা চেপে ধরা ও অণ্ডকোষে লাথি মারার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীবাস চন্দ্র সাহার বাড়ি রংপুর জেলায়। তিনি বর্তমানে ঢাকার সাভারের মধ্যেপাড়া এলাকায় বসবাস করতেন।
অভিযুক্ত ইশা মোল্লা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আফাজউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে শ্রীবাস চন্দ্র সাহার কাছ থেকে ইশা মোল্লা ৩০ টাকার পান কেনেন এবং ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা চাইলে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে তার গায়ে হাত তোলেন। একপর্যায়ে তিনি শ্রীবাস চন্দ্র সাহার গলা চেপে ধরেন এবং অণ্ডকোষে লাথি মারেন। এতে পান বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছোট্ট পান দোকানটিই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তার জীবন কেড়ে নেওয়া হলো।যেখানে সামান্য বাকি টাকার জন্য একজন বৃদ্ধ মানুষকে হত্যা করা হয়, সেখানে মানবতা, বিবেক ও সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। অন্যথায় এমন নৃশংসতা সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
