মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৭ minutes ago
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা ঘাট এলাকায় কচুরিপানার মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বিকেলে রাজশাহীর গোদাগাড়ী থেকে আসা নৌ পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটির পরনে কালো হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত মরদেহটি শনাক্ত করা যায়নি। স্থানীয়রা সন্দেহ করছেন, মরদেহটি সীমান্ত পেরিয়ে ভারত থেকেও ভেসে আসতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

  • উদ্ধার
  • মরদেহ
  • মহানন্দা নদী