প্রতীকী ছবি
কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে গভীর রাতে মাছ ধরার সময় ছোট দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাই সাইদুর রহমানকে (৩৮) বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত আড়ইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান মিঠাইন গোপাদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদুর রহমান ঘোড়াউত্রা নদীতে তার দুই ছোট ভাই আনিছুর ও আতাউরকে নিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ছোট দুই ভাই আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর বড় ভাই সাইদুর রহমানকে লক্ষ্য করে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করে নদীতে ফেলে দেয় এবং তিনি পানিতে ডুবে মারা যান। পরে স্বজনরা উদ্ধার করে তাকে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আতাউরের অভিযোগ, ঘটনার কয়েকদিন আগে নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে মশুরিয়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে সাইদুরের কথা-কাটাকাটি হয়। সেই পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, রাত সাড়ে ৪টার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ডান পাশে ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
মিঠামইন থানর ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
