সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ minutes ago
প্রতীকী ছবি

রাজধানীর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে ভবনের অষ্টম তলার ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৪৭)। তিনি হাইকোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বিজয় একাত্তর ভবনের অষ্টম তলায় ওয়াশরুমের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামাল হোসেনের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • উদ্ধার
  • ভবন
  • মরদেহ
  • সুপ্রিম কোর্ট