শেরপুরে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলে দুই শিশুর। সোমবার বিকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬) ও একই ইউনিয়নের গড়গড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানজালা (৬)। তারা পাশাপাশি গ্রামে বসবাস করে। হানজালা তার মা শেফালী বেগমের সঙ্গে নানার বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল প্রায় ৩টার দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আসার জনৈক কুড়ালো মিয়ার বাড়ির সামনে জমে থাকা পানিতে কলা গাছের ভেলা বানিয়ে সিদ্দিক মিয়া ও হানজালাসহ কয়েকজন শিশু খেলতে থাকে।

পরে হঠাৎ ভেলাটি উল্টে গেলে সিদ্দিক ও হানজালা পানিতে পড়ে যায়। তাদেরকে আর খোঁজে পাওয়া যায় না। হানজালার সঙ্গে থাকা তার বড় ভাই জুবায়ের (৯) তাদের বাড়িতে খবর দিলে বাড়ির ও আশপাশের লোকজন এসে খোজাঁখুজি করে তাদের মৃতদেহ উদ্ধার করে।

অপর দিকে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সিংগাবরুনা গ্রামে কনা ওরফে আম্বিয়া বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী পানিতে ডুবে মারা গেছেন।

তিনি সিংগাবরুনা গ্রামের শামছুল হকের মেয়ে। আম্বিয়া বেগম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় তার বাড়ি দক্ষিণ পাশে পুকুরের পানিতে পড়ে যান তিনি । পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোজাঁখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

  • পানি
  • মৃত্যু
  • শেরপুর