বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করেছে। তারা হলো বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী, তিনি জেলা পরিষদ ডাকবাংলোয় খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন, অপর মরদেহ দুটি স্মৃতি রানীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা-পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
