রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের সামনে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। একই দিন  উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুরের পাইকপাড়ায় দগ্ধরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪) নামে তিন যুবক।  শনিবার ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

ডা. শাওন জানান, আজ ভোরের দিকে তিন যুবক দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। তিনজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

এদিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গৃহকর্তা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আখি (৩০)। সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আজ সকালের দিকে দগ্ধ অবস্থায় আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ, হাসনাহেনার দগ্ধ ৬০ শতাংশ এবং আখির শরীরে ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় ৩ জনকেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি।

  • গ্যাস
  • দগ্ধ
  • বিস্ফোরণ
  • রাজধানী