ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৬ minutes ago
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান , নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়।

তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। দেশে এসে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মেশকাতুজ্জয়ামান জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শত্রুতার জেরে আনোয়ার নিহত হয়েছেন। নিহত আনোয়ার সাব্বিরের বন্ধু ছিল বলে জানা যায়। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ছুরিকাঘাতে
  • নিহত
  • ব্রাহ্মণবাড়িয়া